জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সৈয়দা নীলিমা দোলা। শনিবার বিকেলে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের পদত্যাগপত্র প্রকাশ করেন। তিনি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

পদত্যাগপত্রে তিনি জানান, এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তার মতে, দলটি আর মধ্যপন্থী রাজনীতির পথে নেই। শুরুতে তিনি বিশ্বাস করেছিলেন, এনসিপি রাষ্ট্রীয় সংস্কার ও নতুন রাজনৈতিক ধারা তৈরিতে কাজ করবে। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে তার কাছে স্পষ্ট হয়েছে, দলটি পুরোপুরি ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনভিত্তিক জোট কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়। এই জোট নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হয়েছে এবং মনোনয়নের নামে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সৈয়দা নীলিমা দোলা আরও বলেন, তিনি কোনো ক্ষমতা বা সুবিধার জন্য এনসিপিতে ছিলেন না। বরং তার রাজনৈতিক ও প্রগতিশীল পরিচয়ই এতদিন দলকে শক্তি জুগিয়েছে। যারা পদত্যাগ করছেন, তাদের সবাইকে বামপন্থী বলে চিহ্নিত করাকে তিনি পরিকল্পিত কৌশল মনে করেন।

তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার আগেও এবং পরে তিনি সামাজিক ও রাজনৈতিক কাজে সক্রিয় ছিলেন। আদর্শগত মিল ছাড়া দলের সঙ্গে তার ব্যক্তিগত লেনদেন খুব সীমিত ছিল। বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করেন, তার মতো কর্মীকে ধরে রাখার সক্ষমতা এখন এনসিপির নেই।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি বলেন, এনসিপি জুলাইয়ের গণআন্দোলনের মানুষের বিশ্বাস হারিয়েছে। দলটি ধর্মীয় রাজনীতিকে সামনে এনে যে পথে হাঁটছে, সেটি শহীদদের আত্মত্যাগের সঙ্গে যায় না। তিনি এনসিপির বর্তমান নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।