আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। অনেকেই ভেবেছিলেন, জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসিকে একদিন হয়তো ক্লাব পর্যায়েও পাশে দেখতে চাইবেন তিনি। তবে সমর্থকদের চমকে দিয়ে ডি মারিয়া জানালেন, আর্জেন্টাইন লিগে খেলতে চাইলে মেসির আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকেই আমন্ত্রণ জানাবেন তিনি।
সম্প্রতি রোসারিও সেন্ট্রাল ও নিউওয়েলস ওল্ড বয়েজের মধ্যকার ডার্বি ‘ক্লাসিকো দে রোসারিও’তে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করার পর আলোচনায় আসেন ডি মারিয়া। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এমন ম্যাচে তিনি কোন বিশ্ব তারকাকে সতীর্থ হিসেবে পেতে চাইতেন? এক মুহূর্ত সময় না নিয়েই উত্তর দেন, “নেইমার।”
ডি মারিয়া বলেন, “আমাদের সম্পর্কের কারণেই বলছি, নেইমারকে চাইতাম। আমি ওকে খুব যত্ন করি, এখনও নিয়মিত কথা হয়। আমি জানি, নেইমার আর্জেন্টিনার ফুটবলকে ভালোবাসে। সে এই ডার্বি ম্যাচে খেলতে দারুণ আগ্রহী হতো।”
শুধু মন্তব্যেই থেমে থাকেননি তিনি, ভবিষ্যতে নেইমারকে আর্জেন্টিনায় আনার ইঙ্গিতও দেন, “আমি চাইতাম ও এবারে এখানে থাকুক। হয়তো ভবিষ্যতে তাকে রোসারিওতে আনতে পারব। সেটা হলে দারুণ কিছু হবে।”
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনে একসঙ্গে খেলেছেন ডি মারিয়া ও নেইমার। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গড়ে তুলেছিলেন ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আরবি লাইপজিগের বিপক্ষে ডি মারিয়ার দুর্দান্ত পারফরম্যান্স—এক গোল ও দুটি অ্যাসিস্ট, যার একটি ছিল নেইমারের জন্য—তাদের জুটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
মাঠের বাইরেও তাদের সম্পর্ক ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ। জাতীয় দলে আর্জেন্টিনা-ব্রাজিল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও তারা একে অপরের প্রতি সম্মান ও মমতা প্রকাশ করে গেছেন। পিএসজিতে ডি মারিয়ার বিদায়ী ম্যাচে নেইমারের আবেগঘন শ্রদ্ধা ছিল এর বড় প্রমাণ।
সবমিলিয়ে, জাতীয় দলের সহযোদ্ধা মেসির বদলে ডি মারিয়ার পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন নেইমার। শুধু খেলোয়াড় হিসেবে নয়, মাঠের বাইরের সম্পর্ক ও বন্ধুত্বই যেন এই পছন্দকে করেছে আরও হৃদয়ছোঁয়া।





