মেসির নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে নতুন চমক আর্জেন্টিনার দলে
\r\nল্যাটিন আমেরিকা থেকে সবার আগে ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই সামনে রেখে নতুন করে সাজানো ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। নেতৃত্বে আছেন স্বাভাবিকভাবেই লিওনেল মেসি।
\r\nঅভিজ্ঞদের পাশাপাশি কোচ লিওনেল স্ক্যালোনি রেখেছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলারকে। তাদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ।
\r\nসূচি অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর গায়াকিল ভ্রমণ করে তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে তাদের ব্যবধান ১০ পয়েন্ট। তালিকার তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
\r\nআর্জেন্টিনার প্রাথমিক দল (৩১ জন):
\r\nগোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি।
\r\nডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনজালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের, ফাকুন্দো মেদিনা।
\r\nমিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো, ভ্যালেন্তিন কার্বোনি।
\r\nফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।





