তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সোমবার (১০ নভেম্বর) সকালে রিকার্ভ মহিলা এককে বাংলাদেশের চারজন আর্চার এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পার করেছেন।
সোনালি রায় ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৭, ২৫-২৫, ২৮-২৫, ২৭-২৯, ২৬-২৬) কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে হারিয়েছেন। সীমা আক্তার শিমু ৬-৪ (২৬-২৯, ২৬-১৫, ২৪-২০, ২৩-২৬, ২১-২৬) ব্যবধানে কাজাখস্তানের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে পরাজিত করেছেন। ইতি খাতুন ৬-৪ সেট পয়েন্টে (২৪-২৮, ২৯-২৬, ২৭-২১, ২৬-২৮, ২৮-২৬) মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরার বিপক্ষে জিতেছেন। মনিরা আক্তার ৭-৩ (২৬-২৯, ২৭-২৪, ২৪-২৬, ২৬-২৬, ২৩-৩০) চীনের কাই উফেংকে হারিয়েছেন।
১/১৬-এর রাউন্ডে মঙ্গলবার (১১ নভেম্বর) সোনালি দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির, শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের, ইতি ভারতের অংশিকা কুমারির এবং মনিরা মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার সঙ্গে মুখোমুখি হবেন।
ইতি খাতুন বলেন, “আমাদের সবাই ভালো করেছে, সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল। আমরা কোনো চাপ অনুভব করি নি। নিজের মাঠে খেলা এবং ফেডারেশনের পক্ষ থেকেও পদকের জন্য কোনো চাপ দেওয়া হয়নি। আমরা খেলা উপভোগ করেছি এবং সামনের রাউন্ডেও সাফল্যের ধারায় থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।”
একই দিনে রিকার্ভ পুরুষ এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) হারিয়ে ১/১৬-তে উত্তীর্ণ হয়েছেন। তার প্রতিপক্ষ হবে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে।





