আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি জানিয়েছেন, পুরোনো দল জামায়াতে ইসলামীতে আবারও যোগ দেবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোলায়মান চৌধুরী লেখেন, “আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি, আমি আবার জামায়াতে ইসলামীতে যোগ দেব। এখন শুধু লিখিত আনুষ্ঠানিকতা বাকি।”
তিনি জানান, ২০২০ সালের ২ মে এবি পার্টি আত্মপ্রকাশের পর সারা দেশে সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তা থেমে যায়। তার অভিযোগ, দলটি ঢাকা-কেন্দ্রিক হয়ে পড়েছে, তৃণমূলে কোনো জনসম্পৃক্ততা তৈরি হয়নি। বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও পদত্যাগ করছেন।
নিজেকে নামমাত্র উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “এবি পার্টি যে অঙ্গীকার নিয়ে আমার হাত ধরে যাত্রা শুরু করেছিল, তার ছিটেফোঁটাও আর নেই। তাই এই দলে থাকার চাইতে না থাকাই শ্রেয় মনে করেছি।”
সোলায়মান চৌধুরী আরও বলেন, এরই মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। “আমি তার সামনে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি, আমি জামায়াতে ফিরব। তিনি প্রাথমিকভাবে আমাকে স্বাগত জানিয়েছেন,” যোগ করেন তিনি।
এর আগে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বসুন্ধরায় জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন বলে জানান।





