অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আসিফ মাহমুদকে এই স্বাগত জানান।


নুরুল হক নুর লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০–২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। তিনি ফ্যাসিবাদের সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।”


তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। অফিসিয়ালি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবেন।”


নুরুল হক নুরের মতে, দায়িত্বে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়স বা অভিজ্ঞতার অভাবে হয়তো আসিফও কিছু ভুল করেছেন, তবে সংগ্রামের অবদানে তার এই ভুলকে তিনি তুচ্ছ মনে করেন। তিনি বলেন, “আমি আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানাই।”


পোস্টে নুরুল হক নুর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে একটি ছবি সংযুক্ত করেছেন।


এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।


জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।