জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তা গ্রহণ করেননি।


বৃহস্পতিবার (১২ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে পুলিশ হত্যা সংক্রান্ত অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে আদালত সব শুনানি ও পর্যালোচনা শেষে মামলাটি গ্রহণ করেননি। মামলার বাদী হলেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের পুত্র জালাল হোসেন।


জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা ছিলেন। তার মধ্যে একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।