বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজই হতে পারে তার শেষ দায়িত্ব। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চিঠি জমা দেওয়ার কথা রয়েছে তার। বিসিবির সঙ্গে সালাহউদ্দিনের বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত থাকলেও তিনি আগেই দায়িত্ব ছাড়ছেন। গত বছর নভেম্বরে তিনি আবারও জাতীয় দলের কোচিং সেটআপে যোগ দিয়েছিলেন। প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতাসম্পন্ন সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১০-১১ মৌসুমে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল-৩ সনদপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সংবাদ লোড হচ্ছে...





