ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নববর্ষ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। এই নতুনের আহ্বান আমাদের সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে নবোদ্যম ও অনুপ্রেরণা জোগায়।
ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশে সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবে। নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।





