যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি। তার ভাষ্য অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে, যা এতদিন আলোচনার অন্যতম বড় বাধা ছিল।
এর আগে চুক্তিতে অগ্রগতি না হলে পুনরায় বিমান হামলা চালানো এবং ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখার হুমকি দেয় যুক্তরাষ্ট্র।
এদিকে ইসরাইল ও লেবানন-এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি শুরুর ঠিক আগে লেবানন থেকে রকেট হামলার পর পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী।
উভয় দেশের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান পৃথক একটি সমঝোতায় পৌঁছায়।
একই সময়ে পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংলাপ আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ-এর সঙ্গে বৈঠক করেন।
গত সপ্তাহে প্রথম দফা আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গালিবাফ। তবে সেই বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।





