চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।
সমুদ্রে অবতরণের পর আর্টেমিস-২ মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, নভোচারীরা সবাই সুস্থ আছেন। তিনি বলেন, ‘এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা স্থিতিশীল আছি। চারজনই সম্পূর্ণ ভালো আছি।’
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস-২ ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ানা ভিয়ারিয়াল বলেছেন, সমুদ্রে অবতরণের দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে উদ্ধার করা হবে। এরপর তাদের মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’র মেডিকেল বে-তে পৌঁছে দেয়া হবে।পরে সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের জাহাজে নেওয়া হবে।
নাসার ফ্লাইট নিয়ন্ত্রক জেফ রাডিগান জানান, সমুদ্র শান্ত থাকলে পুরো উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে।
জাহাজে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নভোচারীদের উড়োজাহাজে করে হিউস্টনের জনসন মহাকাশ কেন্দ্রে নেওয়া হবে।
এর মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ১০ দিনের এই চন্দ্রাভিযান। ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশযাত্রা।





