ইবি প্রতিনিধি : দিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)। শনিবার (৩১ জানুয়ারি) বেলা বারোটার দিকে ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর রুমে সেমিনারের আয়োজন করে সংগঠনটি।
এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে ইবনে সিনা বিজ্ঞান ভবন থেকে র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবনের সামনে এসে শেষ হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে তারা।
সেমিনারে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বায়োলজি অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আক্তার। প্রধান আলোচক হিসেবে ছিলেন সিসিআরটিবি'র প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবনে আইয়ুব ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।
সেমিনারের বক্তারা বলেন, সুস্থ জীবনচর্যা এবং নিয়মিত পরীক্ষা পারে ক্যান্সার প্রতিরোধ করতে। এসময় তারা ক্যান্সার প্রতিরোধের আচারণ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ধুমপান পরিহার, পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও শাকসবজি এবং স্বাস্থকর খাদ্য গ্রহণ, ভাজাপোড়া খাবার পরিহার, অ্যালকোহল যুক্ত পানীয় পরিহার, নিয়মিত ব্যায়াম, কর্মক্ষেত্রে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের বিষয়ে স্বাস্থ্য নিরাপত্তার নির্দেশনা অনুসরণ ও নিয়মিত ক্যান্সার যাচাই প্রোগ্রামে পরিক্ষা করানোর প্রতি আহ্বান জানান।
সেমিনারে প্রধান আলোচক ড. মোস্তাক ইবনে আইয়ুব বলেন, ক্যান্সারের ধরণ ও তাদের পর্যায়, এ থেকে উত্তরণের উপায় ও সিসিআরটিবির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ক্যান্সার খুব বড় রোগ নয়, সামাজিক সচেতনতা, সঠিক সময়ে চিকিৎসা ও আত্মসচেতনতার মাধ্যমে খুব সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।





