মসজিদের মিম্বর থেকেই শুরু হয়েছে তার কর্মজীবন, এবার সেই পথ এগোচ্ছে জাতীয় সংসদ পর্যন্ত। ইমামতি, শিক্ষকতা এবং ইসলামী দাওয়াহর দীর্ঘ অভিজ্ঞতার পর সংসদ সদস্য হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন মোহাম্মদ আবুল হাসান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতীকে জয়ী হয়েছেন।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। ৯,৫৮১ ভোটের ব্যবধানে নিশ্চিত হয়েছে তার সংসদ যাত্রা।


৫৯ বছর বয়সী আবুল হাসান পেশায় ইমাম ও খতিব। তিনি একজন শিক্ষক এবং এলাকায় সুপরিচিত ইসলামী বক্তা। বিজয়ের দিনও তিনি দায়িত্ব পালন করেছেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে।


তার বাড়ি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে। জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। বাবা মোহাম্মদ আব্দুল লতিফ ও মা মোছাম্মৎ আছারুন বিবি। তিনি বর্তমানে সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা।


১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিজয়ী হওয়ার পর তিনি বলেন, “আল্লাহর রাসূল (সা.) মিম্বর থেকেই রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার উম্মত। সেই ধারাবাহিকতায় আল্লাহ আমাকে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছেন দেশের ও মিল্লাতের খেদমতের জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণ করতে।