ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে রাতে বিমান হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই তথ্য বৃহস্পতিবার জানিয়েছেন ইতালির প্রতিরক্ষা কর্মকর্তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে এটিকে ইরবিলে অবস্থিত ইতালীয় ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে উল্লেখ করেছিল। পরে জানা গেছে, হামলাটি আসলে একটি ড্রোনের কারণে ঘটেছে, যা সম্ভবত দুর্ঘটনাবশত একটি সামরিক যান ধ্বংস করেছে।
মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, “ইতালীয় সেনাদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদ আছে।” মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ড্রোনটি ইচ্ছাকৃতভাবে ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়নি, বরং উচ্চতা হারানোর কারণে দুর্ঘটনাবশত সেখানে আঘাত হানতে পারে।
ঘাঁটির কমান্ডার কর্নেল স্টেফানো পিজ্জোত্তি সম্প্রচারমাধ্যম স্কাই টিজি২৪-কে জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টা আগে সম্ভাব্য আকাশ হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সেনারা তখন বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তিনি উল্লেখ করেছেন, হামলাটি কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। সতর্কতা শেষ হলেও বিশেষজ্ঞরা এখনও এলাকা পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চালাচ্ছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইরবিলে প্রায় ৩০০ ইতালীয় সেনা মোতায়েন আছেন, যারা কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন। তবে পিজ্জোত্তি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী উত্তেজনার কারণে সম্প্রতি সেখানে সেনা সংখ্যা কিছুটা কমানো হয়েছে।





