মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণের পথে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

গত বুধবার শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭ নেতাদের এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৈঠক সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মিত্রদেশগুলোর নেতাদের বলেন, ‘আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়ানো একটি ক্যানসার থেকে আমরা মুক্তি পেয়েছি।’ একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘এপিক ফিউরি’র ফলাফল নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে ট্রাম্প আরও বলেন, ‘ইরানের নেতা এখন কে, তা কেউ জানে না। তাই আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার মতোও সেখানে কেউ নেই।’

ট্রাম্পের এ মন্তব্য নিয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা নেই বলে বারবার জানিয়ে আসছে ইরান। দেশটির পক্ষ থেকে সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধের শেষটা তারাই করবে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ইরানের নেতাদের ‘উন্মাদ ও নিকৃষ্ট মানুষ’ বলে মন্তব্য করেন এবং বলেন, তাদের হত্যা করা তাঁর জন্য ‘বড় সম্মানের’ বিষয় হবে।