ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর অবস্থানে অটল রয়েছে—এমনটাই তার বক্তব্যে উঠে এসেছে। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসলামি সতর্ক করে বলেন, “শত্রুরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমিত বা বাধাগ্রস্ত করতে পারবে না।”
তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক বিধিনিষেধ মেনেই পরিচালিত হচ্ছে এবং কোনো বহিঃচাপের কারণে এর গতি কমানো হবে না।
পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চলমান থাকায় তেহরানের এ ধরনের কঠোর অবস্থান নতুন করে আলোচনা জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান বরাবরের মতোই দাবি করছে, তাদের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য।
সূত্র: আল জাজিরা





