ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম পরিহার করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববার (৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মস্কো আশা প্রকাশ করে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট নিরসন সম্ভব। তবে পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রকে হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান হরমুজ প্রণালি পুনরায় না খুললে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে। এর প্রেক্ষিতেই রাশিয়ার এ প্রতিক্রিয়া আসে।
আলোচনায় ল্যাভরভ ও আরাঘচি উভয়েই বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, যেখানে রুশ কর্মীরা কাজ করছেন।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সাম্প্রতিক হামলার পর সেখানে কর্মরত ১৯৮ জনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মস্কো।
বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে আন্তর্জাতিক মহলে আলোচনার চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।





