ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বুধবার (১৮ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে তেল আবিব জেলার পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ জানায়, বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পড়ে থাকার খবর পাওয়া গেছে এবং সেগুলো নিরাপদে অপসারণে কাজ চলছে।
জরুরি সেবা সংস্থার প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, একটি আবাসিক এলাকার সড়কে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং পাশে একটি গাড়িতে আগুন জ্বলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে একই দিনে ভোরে ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। সাম্প্রতিক এসব হামলাকে ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেল আবিবসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে, সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।





