স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ থেকে জানা গেছে, ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বোমা হামলার পর থেকে ব্যাপক নির্মাণকাজ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস গত ২৯ জুনের উপগ্রহ ছবিতে এ তথ্য প্রকাশ করেছে।

ছবিতে দেখা গেছে, ফোর্দো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কে ভারী নির্মাণযন্ত্র যেমন খননযন্ত্র (এক্সকাভেটর) ও ক্রেন কাজ করছে। ওই সড়কটি মার্কিন বাহিনীর বাঙ্কার-ব্লাস্টার বোমা নিক্ষেপের এলাকায় সংযুক্ত। পর্বতের ঢাল বরাবর বুলডোজার ও ট্রাকগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে এবং সক্রিয় কাজের চিত্রও ধরা পড়েছে।

নির্মাণকাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয়, স্থাপনার পূর্ব পাশেও চলছে, যেখানে একটি ভবনের ধ্বংসাবশেষের উপর কাজ করা হচ্ছে। ওই ভবন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা মার্কিন হামলার একদিন পর ঘটে।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন, ২৮ জুনের চিত্র বিশ্লেষণের মাধ্যমে ধারণা করা যাচ্ছে যে, ইরান সেখানে গর্ত ভরাট, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন, ‘আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি।’

তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম হবে। সূত্র: বিবিসি