ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধে সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়ার একটি সামরিক ঘাঁটি থেকে উভচর যুদ্ধজাহাজসহ প্রায় ২ হাজার ৫০০ সেনাসদস্য নিয়ে একটি মেরিন বাহিনী রওনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বাহিনী মোতায়েন হলে চলমান সংঘাতে তারাই হবে প্রথম মার্কিন স্থলসেনা। সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সরাসরি স্থলযুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে এবং সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে।

এই উভচর যুদ্ধজাহাজে সেনা পরিবহনের পাশাপাশি সমুদ্র থেকে দ্রুত স্থলভাগে সেনা নামানো এবং অভিযান পরিচালনার বিভিন্ন আধুনিক ব্যবস্থা রয়েছে।

এদিকে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে সাম্প্রতিক বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের এই স্থলসেনা মোতায়েনের প্রস্তুতি ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।