ইরানের নৌ অবরোধ কার্যক্রমে সহায়তাকারী জাহাজকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জেনারেল ড্যান কেইন ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন।

আলজাজিরার বরাতে জানা গেছে, জেনারেল কেইন বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজের পাশাপাশি দেশটির তেল বহনকারী জাহাজগুলোও যুক্তরাষ্ট্রের নজরদারি ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে থাকবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ ইরানের বন্দরে যাতায়াতকারী সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশ অমান্য করলে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন বাহিনীর দাবি, ইতোমধ্যে ১৩টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে, যদিও কোনো জাহাজে সরাসরি অভিযান চালাতে হয়নি।

জেনারেল কেইন আরও বলেন, এই অবরোধ শুধু ইরানের বন্দরকে কেন্দ্র করে কার্যকর করা হচ্ছে, হরমুজ প্রণালী এর ক্ষেত্রে নয়।

তিনি জানান, অবরোধ কার্যকরে যুক্তরাষ্ট্রের ১০ হাজারের বেশি নৌ, মেরিন ও বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।