মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বর্তমান পরিস্থিতিতে ‘বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক অবস্থার কঠোর সমালোচনা করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান-এর অর্থনীতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা বড় ভূমিকা রাখছে। তার দাবি, এসব নিষেধাজ্ঞা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি কঠোরভাবে কার্যকর করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট-এর প্রশংসা করে বলেন, তার নেতৃত্বেই নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, দেশটির মুদ্রা প্রায় মূল্যহীন হয়ে পড়েছে এবং মুদ্রাস্ফীতির হার অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তবে সামরিক পদক্ষেপের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে গিয়ে সংঘাতে জড়াতে চায় না। তিনি ব্যক্তিগতভাবেও এমন পদক্ষেপের পক্ষে নন বলে জানান।
ইরানের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে ট্রাম্প বলেন, তিনি বিভিন্ন স্থানে ইরানি নাগরিকদের সঙ্গে পরিচিত এবং তাদের ইতিবাচকভাবে দেখেন।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইরানের উচিত বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া।