ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে যেকোনো হামলা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলবে বলে সতর্ক করেছেন ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি।
\r\nএক বিবৃতিতে তিনি বলেন, এমন হামলা “ব্যাপকমাত্রায় অরাজকতা সৃষ্টি করবে, যা এ অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়াবে এবং সবার স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।”
\r\nআন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আল-সিস্তানি বলেন, “এই অন্যায় যুদ্ধ বন্ধ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
\r\nবিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃত আল-সিস্তানির এই বিবৃতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে।
\r\nএদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস (HRA) জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত দেশজুড়ে ৬৩৯ জন নিহত এবং ১,৩২৯ জন আহত হয়েছেন।
\r\nএই পরিসংখ্যানে জানানো হয়, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
\r\nউল্লেখ্য, এই মানবাধিকার সংস্থা ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভের সময়ও নির্ভরযোগ্য হতাহতের তথ্য সরবরাহ করেছিল। তারা ইরানের রাষ্ট্রীয় প্রতিবেদনগুলোর সঙ্গে নিজেদের সূত্রের তথ্য ক্রসচেক করে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে থাকে।
\r\nইরান সরকার এখনো এই সংঘাতের হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে মৃত ২২৪ জন এবং আহত ১,২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্যমতে প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম।
\r\nসূত্র: আলজাজিরা, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস (HRA)





