ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) পূর্ব উপকূলীয় সময় সকাল ১০টা থেকে পারস্য উপসাগরের ইরানি বন্দর ও উপকূলজুড়ে এই অবরোধ কার্যকর করা হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী সামরিক অভিযান এখন পুরোপুরি চালু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, সমুদ্রপথে চলাচলকারী জাহাজ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। অবরোধের আওতায় ইরানের উদ্দেশ্যে যাওয়া বা সেখান থেকে আসা যেকোনো দেশের পতাকাবাহী জাহাজ পড়বে। এ ক্ষেত্রে কোনো জাহাজই ছাড় পাবে না বলে স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।

তবে ইউকেএমটিওর নোটিশে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করে ইরান ছাড়া অন্য দেশের গন্তব্যে যাওয়া জাহাজগুলোর ওপর সরাসরি এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তারপরও ওই রুটে চলাচলকারী জাহাজগুলোকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ সেখানে ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের অর্থনীতি ও জ্বালানি রপ্তানির ওপর চাপ বাড়াতেই যুক্তরাষ্ট্র এই নৌ-অবরোধ আরোপ করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।