ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে দেশটির সার্বভৌমত্বের ওপর ‘গুরুতর লঙ্ঘন’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এই অবরোধকে ‘অবৈধ’ আখ্যা দেন। তিনি বলেন, “এই বেআইনি অবরোধ আন্তর্জাতিক সমুদ্র আইনের মৌলিক নীতির গুরুতর লঙ্ঘন।”

এদিকে সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান। তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন।

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সোমবার পূর্ব মান সময় সকাল ১০টা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানায়, ইরানের বন্দর বা উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ওপর এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হবে। তবে হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলো এতে প্রভাবিত হবে না।

সূত্র: বিবিসি