ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর প্রায় ২০ দিন বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান।
শুক্রবার সংঘাত-পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হিসেবে আমিরাতভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাইয়ের একটি বিমান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির ইসফাহান ও তাবরিজ ব্যতীত সব বিমানবন্দর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্যও ইরানের আকাশসীমা উন্মুক্ত রাখা হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইসফাহান ও তাবরিজ বিমানবন্দরের অবকাঠামো মেরামত শেষে সেগুলোকেও দ্রুত দেশের বিমান পরিবহন নেটওয়ার্কে যুক্ত করা হবে।”
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর, নিরাপত্তার কারণে ইরান দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করে এবং ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করে।
সংঘাত কমে যাওয়ার পর এখন আবার ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরছে ইরানের বিমান চলাচল ব্যবস্থা।





