যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রায় ২৭০ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৭ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির সরকার।
ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)–ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাশিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, এটি প্রাথমিক ও আনুমানিক হিসাব। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে।
তিনি জানান, অবকাঠামো ধ্বংস, শিল্পকারখানা বন্ধ হয়ে রাজস্ব ক্ষতি এবং অন্যান্য অর্থনৈতিক প্রভাব মিলিয়ে এই হিসাব করা হয়েছে। ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের কাজ এখনো চলছে।
মোহাজেরানি আরও বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করা হয়েছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রেলপথ ও অবকাঠামো দ্রুত মেরামতের পর ইরানের বিভিন্ন অঞ্চলে আংশিকভাবে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ দিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত সেতু ও রেললাইনসহ বিভিন্ন স্থাপনা মেরামতের কাজ চলমান রয়েছে। তাবরিজ থেকে তেহরান ও মাশহাদ রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
কোম শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ রেলসেতু দ্রুত মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামতে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।





