ইরানের হামাদান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত ছয় গুপ্তচরকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের রাজান, নাহাভান্দ এবং হামাদান শহরে চিহ্নিত করা হয়। তারা মোসাদের নির্দেশে সাইবার কার্যক্রম, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টা করছিল।
ইরানি গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সময়মতো গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ওই ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে।
এর আগেও মোসাদ সংশ্লিষ্ট ৫৪ জন গ্রেফতার
এর আগে, ২০ জুন (শুক্রবার) ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে তেহরান জানায়, তারা মোসাদ-সংশ্লিষ্ট আরও ৫৪ জন গুপ্তচর গ্রেফতার করেছে। এদের অধিকাংশকে পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ থেকে আটক করা হয়।
প্রদেশটির প্রসিকিউটর কার্যালয় জানায়, এসব ব্যক্তির বিরুদ্ধে শত্রুপক্ষের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
মোসাদ সংযোগে মৃত্যুদণ্ডের নজির রয়েছে ইরানে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান অতীতে মোসাদের সঙ্গে সম্পর্কিত অভিযোগে বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে, যাদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে নাশকতা বা হত্যাচেষ্টার প্রমাণ পাওয়া গেছে।





