ইরানের কাছে বর্তমানে এমন মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে যা দিয়ে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব— এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

\r\n

সংস্থাটির মতে, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ প্রায় ৪০৯ কেজি ইউরেনিয়াম রয়েছে। সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, তবে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে বিবেচিত।

\r\n

বিশেষজ্ঞরা বলছেন, ইরান চাইলে এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্ষম হতে পারে।

\r\n

এই তথ্য প্রকাশের পর মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। ইসরায়েলসহ একাধিক পশ্চিমা দেশ বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।

\r\n

আইএইএর সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের এই ইউরেনিয়াম মজুত নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে।

সূত্র: আইএইএ ও আন্তর্জাতিক গণমাধ্যম