ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী সক্ষম হয়নি, এমনটি স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরানের নৌবহরের সব জাহাজ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার (১ মে) সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ডার্কসেন সিনেট অফিস ভবনে প্রতিরক্ষা বিভাগের ২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের উপর এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।
এসময় ড্যান কেইন বলেন, ইরানের কাছে এখনও ছোট, দ্রুতগতির জাহাজ রয়েছে। ইরানি নৌবাহিনীর সম্পূর্ণ পরাজয়ের দাবি করা হলেও কিছু ইরানি দ্রুতগামী আক্রমণকারী নৌকা এখনও হরমুজ প্রণালীতে সক্রিয় রয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক বিবৃতিতে বলেছেন, ইরানের নৌবাহিনীর অবশিষ্ট কিছু ছোট নৌকা রয়েছে এবং আমরা সেগুলোও ধ্বংস করে দেব।
তিনি আরও বলেন, ইরানিরা জানেন না কে তাদের দেশ পরিচালনা করছে, দেশটির প্রকৃত নেতা কে।





