ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এ লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিচ্ছে দেশটি।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ‘কাসারেক্স ২০২৫’ কোডনামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার এবং তা চলবে তিন দিনব্যাপী। মহড়ায় অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা, দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও রাশিয়ার নৌবাহিনী।


মূল লক্ষ্য কাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মানবিক উদ্ধার অভিযানে দক্ষতা বৃদ্ধি এবং উপকূলবর্তী দেশগুলোর মধ্যে আন্তঃবাহিনী সমন্বয় ও সহযোগিতা বাড়ানো।


যদিও ঠিক কতটি যুদ্ধজাহাজ বা কী ধরনের অস্ত্র ব্যবহার হবে তা জানায়নি কর্তৃপক্ষ, তবে পর্যবেক্ষক হিসেবে কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নেবে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই যৌথ মহড়া একটি কৌশলগত বার্তা বহন করছে