মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রোববার (৮ মার্চ) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব লিগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

আরব লিগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন, কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানি হামলার বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।


এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসের কাছে যুক্তরাষ্ট্রের থাড রাডার সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় কয়েক ডজন মার্কিন সামরিক বিমান মোতায়েন ছিল। বিশ্লেষকদের মতে, ইরান বা তার মিত্রদের হামলায় ওই অঞ্চলে অন্তত পাঁচটি রাডার ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এই রাডারগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি রাডার নির্মাণে প্রায় ৫০ কোটি ডলার খরচ হয়েছে।


অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে রাডার ব্যবস্থা, ড্রোন রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও গোয়েন্দা স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে।


এছাড়া কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলায় রাডার ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।