ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি মন্ত্রিসভা। পাশাপাশি মিত্র দেশগুলোর ওপর যেকোনো আক্রমণ প্রতিহত করতে সামরিক ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানোর অঙ্গীকার করা হয়েছে।
অন্যদিকে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে যুক্তরাষ্ট্র ও সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দূতাবাস ভবনের ছাদের একটি অংশ ধসে পড়েছে এবং অভ্যন্তরীণ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দূতাবাস কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো বিভিন্ন হামলায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জনই ১০ বছরের কম বয়সী শিশু।
গত ২৪ ঘণ্টায় ইরানে সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে অন্তত ১০৪টি হামলার খবর পাওয়া গেছে। কুয়েতে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ১১ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং তার পরিবারের আরও চারজন আহত হয়েছেন। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, আকাশে ধেয়ে আসা একটি যানকে লক্ষ্য করে হামলা চালানোর পর এর ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে পড়ে।
লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলা আরও জোরালো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। দক্ষিণ লেবাননে নতুন হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে কাতারে নিরাপত্তা অভিযান চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের হয়ে কাজ করা দুটি গোয়েন্দা সেল ভেঙে দেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কাতার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ড্রোন প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য সংগ্রহের মিশনে যুক্ত ছিলেন।
অর্থনীতিতেও এই সংঘাতের প্রভাব পড়ছে। জ্বালানি সংকটের আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে টানা তিন দিন দরপতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ শতাংশ এবং জাপানের নিক্কেই সূচক ৩ শতাংশ কমেছে। হরমুজ প্রণালিতে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও ১.২ শতাংশ বেড়েছে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানে হামলার পেছনে কোনো স্পষ্ট ও গ্রহণযোগ্য যুক্তি এখনও প্রকাশ করা হয়নি। তাঁর মতে, যদি কোনো আসন্ন হুমকির তথ্য থাকে, তা জনসমক্ষে তুলে ধরা উচিত ছিল।





