ইসরায়েলের শাসনব্যবস্থা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে পাল্টা বিধ্বংসী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ী-নিক। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
\r\nতালায়ী-নিক বলেন, “আমাদের জাতি একটি আরোপিত যুদ্ধে জড়িয়েছে, যেখানে শত্রু আমাদের জনগণের প্রতিটি স্তরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শিশু থেকে শুরু করে সাধারণ নাগরিক—কেউই রক্ষা পাচ্ছে না।”
\r\nতিনি জানান, ইরান এখন ‘প্রতিরক্ষামূলক অবস্থানে’ থাকলেও প্রয়োজনে আক্রমণাত্মক সামর্থ্যও ব্যবহার করবে। তিনি বলেন, “আমরা প্রতিরক্ষা ও আক্রমণ—দুই ধরনের প্রস্তুতিই রেখেছি। দেশের প্রতিরক্ষা ফ্রন্ট এখন আরও বিস্তৃত, যেখানে সকল শ্রেণির মানুষ অংশ নিচ্ছে।”
\r\nপ্রতিরক্ষা মুখপাত্র আরও জানান, গত শুক্রবার তেহরানের উত্তরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু। আরও কিছু শিশু এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।
\r\nতালায়ী-নিক বলেন, “ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাখে না। আমাদের প্রতিটি হামলার জবাবে তারা কাঁপছে, এবং আমাদের পরবর্তী পাল্টা জবাব আরও কঠোর হবে।”
\r\nতিনি আরও জানান, ইরান নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এবং এই পাল্টা হামলা কেবল শুরু। “যতক্ষণ না দখলদার শাসনব্যবস্থা ভেঙে পড়ে, ততক্ষণ আমাদের অভিযান চলবে,” বলেন তিনি। সূত্র: প্রেস টিভি, আইআরআইবি, রয়টার্স.
\r\n




