ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এর খবরে বলা হয়েছে, হামলাটি ইয়েমেন থেকে চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে এবং হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সংশ্লিষ্ট এলাকায় সাইরেন বাজানো হয়, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশ্রয় নেওয়া বাসিন্দাদের বের হওয়ার অনুমতি দিয়েছে দেশটির জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।
এর আগের দিন সোমবার হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে জানান, তারা ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর—তেল আবিব, আশকেলন ও হাইফা— লক্ষ করে তিনটি ড্রোন হামলা চালিয়েছে।
তার বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই গাজার নিকটবর্তী নেটজারিম বন এবং মিশর সীমান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েলি বাহিনী জানায়, একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে বাকি দুই ড্রোনের বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি ইসরায়েলের পক্ষ থেকে।
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এই হামলা।





