ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে ইরানও সেই অবস্থান বজায় রাখবে বলে জানিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। খবর নূরনিউজ, আল জাজিরা ও বিবিসির।
ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূরনিউজ জানায়, আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, “যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে, ততক্ষণ ইরানও সংঘাতে জড়াবে না।”
তিনি আরও বলেন, “ইরান সংলাপের পক্ষে এবং আলোচনার টেবিলে দেশের স্বার্থ রক্ষা করাই আমাদের অগ্রাধিকার। আমরা সংঘর্ষ চাই না, তবে আত্মরক্ষার প্রশ্নে কোনো ছাড়ও দেব না।”
পেজেশকিয়ান ইরানি জনগণের ঐক্য ও প্রতিরোধের মনোভাবের প্রশংসা করে বলেন, “কিছু অভ্যন্তরীণ সমস্যা ও অভিযোগ সত্ত্বেও আমাদের জনগণ আবারও প্রমাণ করেছে—যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।”
উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সোমবার রাতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে দুই পক্ষই আপাতত হামলা স্থগিত রেখেছে। তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে নানা শঙ্কা।





