ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘শিকলে বাঁধা কুকুর’ হিসেবে অভিহিত করে বলেছেন, যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। বুধবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন।

খামেনি বলেন, “আমাদের দেশ যুক্তরাষ্ট্র এবং তার শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।” তিনি জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালায়। এর জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।

আল উদেইদ ঘাঁটি সম্পর্কে খামেনি বলেন, “সেটি ছিল যুক্তরাষ্ট্রের এক সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। প্রয়োজনে আরও বড় আঘাত হানতে পারি আমরা।”

পারমাণবিক আলোচনায় ফেরার বিষয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও খামেনি বলেন, “আমরা কূটনৈতিক বা সামরিক—সবখানেই পূর্ণ প্রস্তুতি নিয়ে এগোই, দুর্বলতা থেকে নয়।” তিনি কূটনৈতিকদের শক্ত অবস্থান বজায় রাখার নির্দেশ দেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বশর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করা ঠিক হবে না।

অন্যদিকে, ইউরোপ ও যুক্তরাষ্ট্র আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে চুক্তিতে অগ্রগতির জন্য। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, অগ্রগতি না হলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতি অনুযায়ী ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।