ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের শিন বেত গোয়েন্দা সংস্থা এবং দেশের দুটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।


এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে তেল আবিবের শিন বেত সদর দপ্তর এবং দুটি বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। বিমান ঘাঁটিগুলোর মধ্যে একটি ভূমধ্যসাগরের উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি, আর অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি।


এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতেও অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ “অজ্ঞাত প্রজেক্টাইলের” আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।


\r\n\r\n\r\n

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান দপ্তরের তথ্য অনুযায়ী, একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত উপকূলে আঘাতের শিকার হয়েছে, আরেকটি ওমানের উত্তরে আগুন লাগার কারণে খালি করতে হয়েছে, এবং তৃতীয়টি জাহাজ দুবাইয়ের উত্তর-পশ্চিমে ক্ষতিগ্রস্ত হয়েছে।