ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শুক্রবার (২৭ জুন) নিহত হয়েছেন অন্তত ৭২ জন, আহত হয়েছেন আরও ১৭৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩১ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। ওইদিন হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় গাজায় টানা বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী (IDF)।
প্রায় ১৫ মাস চলমান এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই, গত ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
দ্বিতীয় দফা এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৬ হাজার ৮ জন, আহত হয়েছেন আরও ২০ হাজার ৫৯১ জন ফিলিস্তিনি।
এদিকে ধারণা করা হচ্ছে, হামাসের হাতে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইডিএফ।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করে জানিয়েছেন, “হামাসকে পুরোপুরি ধ্বংস এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।”
এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় ফের দুই মাসের যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করেছে। তবে এখনো পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দেয়নি হামাস বা ইসরায়েল—উভয় পক্ষই।





