ইসরায়েলের হাইফাতে তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (৩০ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় হাইফার বাজান তেল শোধনাগারে এই আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে আগুন লেগেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে, জরুরি সেবা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এর আগে ১৯ মার্চও একই শোধনাগার ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তখন ইরান তাদের জ্বালানি অবকাঠামোর ওপর ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায়।
অন্যদিকে, লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ সময়ে তাদের ছয়জন সেনা আহত হয়েছেন, এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে দুজন অ্যান্টি-ট্যাংক হামলায়, তিনজন ড্রোন হামলায় এবং একজন সামরিক অভিযানের সময় আহত হয়েছেন।
হিজবুল্লাহর তথ্য অনুযায়ী, আল-আদাইসাহ শহরের খানুক এলাকায় সকালে দুটি রকেট হামলা চালানো হয়। এছাড়া কিরিয়াত শমোনা, আল মালিকিয়া এবং আভিভিম এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর পৃথক হামলার ঘটনা ঘটেছে। ভোরে হাইফার দক্ষিণের মিশমার আল কারমেলেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার তথ্য পাওয়া গেছে।





