ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুলতানালি শিরজাদি ফখর। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নির্বাসিত বিরোধী সংগঠন মুজাহিদিন-ই-খালকের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করে আসছিলেন।
মিজান জানায়, ইরানের সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা কার্যকর করা হয়।
এর আগের দিন বুধবারও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ওই কর্মকর্তার নাম মেহদি ফরিদ বলে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রাখার পরই ফাঁসি কার্যকর করা হয়।
এই দুই ঘটনার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তি ইস্যুতে কড়া অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।





