রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্যসহ মৌলিক ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বাইরে দলটি ১২টি বিশেষ কর্মসূচি, আট দফা নীতিগত অবস্থান, ছয় দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা এবং ২৮টি খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে দলীয় কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে: রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি ও দুঃশাসন দমন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায়বিচার, কৃষি ও শিল্পবিপ্লব, বেকারমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠন, নৈতিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা, সর্বজনীন কর্মসংস্থান এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা।
এছাড়া ইশতেহারে আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, ধর্মীয় স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
দলটির ১২ দফা বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে: হতদরিদ্রদের জন্য মাসিক নগদ সহায়তা পাঁচ হাজার টাকা, ১৮–২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত এককালীন ঋণ, সর্বজনীন স্বাস্থ্যকার্ড, কৃষিকার্ড এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক সহায়তা কর্মসূচি।





