ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।


মঙ্গলবার দুপুরে মাওলানা ফজলুর রহমান দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


ফজলুর রহমান গাজীপুরের জামেয়া খালেকিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি কওমি মাদ্রাসা বোর্ড-বেফাকের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া হজ এজেন্সি মালিকদের সংগঠন-হাবের সহ-সভাপতি হিসেবে এবং বিভিন্ন পদে একাধিকবার নির্বাচিত হয়েছেন।


তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে প্রার্থী হতে আগ্রহী। এর আগে ২০২৪ সালের নির্বাচনে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচনে অংশ নিয়েছিলেন।


দল পরিবর্তনের বিষয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে আকৃষ্ট করেছে। কয়েক মাস ধরে দলটির নেতাদের সঙ্গে আলোচনা চালানোর পর তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।