লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের চকবাজার এলাকায় শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশী এ মানববন্ধন করে।
ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশি পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ,আবুল কালাম, শামছুল হুদা ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশি পরিষদের আহবায়ক তানিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। ফ্যাসিস্ট সরকারের সময় স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেয়। যাদের কারণে ব্যাংকে গ্রাহক হয়রানি হচ্ছে। তাদেরকে ছাটাইয়ের সিদ্ধান্ত যৌক্তিক। যদি তাদের চাকরি করতেই হয় পুনরায় পরীক্ষা দিয়ে বৈধভাবে নিয়োগ পেতে হবে। তাদের কাছ থেকে ইসলামী ব্যাংক নিয়ে অপপ্রচার কোনভাবে সহ্য করা হবে না।





