এবার ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়েছে। গত ৬ এপ্রিল তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ইসলামী ব্যাংকের অডিটে বিভিন্ন জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায় ওই সময় তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় ব্যাংকের পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এতে অনাপত্তি দিয়েছে। আগামী ২০ জুন এ অপসারণ আদেশ কার্যকর হবে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ফ্যাসিস্টি আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের হাতে। তার নিয়ন্ত্রণ থাকাকালীন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় এক লাখ ৫ হাজার কোটি টাকা সরিয়েছেন। এতে সহায়তাকারী ছিলেন এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই ব্যাংক থেকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।

নতুন পর্ষদ গঠনের পর অনিয়ম খুঁজতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। এস আলমের ঋণসংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে ৩৫৯তম পরিচালনা পর্ষদের সভায় তাকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে যেন অপসারণ করে, এ জন্য বাংলাদেশ ব্যাংককে তার অনিয়মের তথ্য তুলে ধরে চিঠি দেবে ইসলামী ব্যাংক। সাধারণত ব্যাংকের এমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। তবে এ ক্ষেত্রে ইসলামী ব্যাংক উদ্যোগী হয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার তাকে অপসারণে অনাপত্তি দিয়েছে।

ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বলেন, অপসারণের মানে তিনি দায়মুক্তি পাবেন তেমন নয়। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে দুদকসহ সরকারের অন্য সংস্থা। এ জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, কেন্দ্রীয় ব্যাংক তা নিয়েছে। ইতিমধ্যে তার অনিয়ম-জালিয়াতির তথ্য দুদকে পাঠানো হয়েছে।