ইসলাম খেলাধুলাকে উৎসাহিত করে মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য, কেবল ট্রফি জয়ের উদ্দেশ্যে নয়—এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচার ডাক্তারবাড়িতে শাহবাগ মানব কল্যাণ সংস্থার আয়োজনে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. মাসুদ বলেন, “মুমিনদের গোপন তিনটি রহস্যের একটি হলো মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। আপনারা দাওয়াতি কাজ করেন, মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেন—এটাই মূল কাজ। এখন আরাম করা বাদ দিতে হবে। আল্লাহ আরাম নিষেধ করেননি, প্রয়োজনীয় আরাম করতে বলেছেন। তবে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য পরিশ্রম, আর সেই পরিশ্রম হতে হবে আল্লাহর পথে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শাহবাগ থানার আমির ও শাহবাগ মানব কল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীব।

ক্রীড়াসামগ্রীগুলো ক্রীড়া পরিদপ্তর ও জেলা প্রশাসন ঢাকার সৌজন্যে এবং পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহর তত্ত্বাবধানে বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ক্রীড়া অফিসার এস আই এম ফেরদৌস আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ এএএম মাজহারুল ইসলাম এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী।