ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, সারা দেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকলেও ফরিদপুর-৪ আসনটি উন্মুক্ত থাকায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এতে দল ও ইসলামের বিজয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। সেই বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, “আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। প্রায় দুই বছর ধরে তিনটি উপজেলায় নির্বাচনি মাঠে কাজ করেছি। ফরিদপুর-৪ আসনের বাস্তবতা ও ইসলামের বৃহত্তর স্বার্থ বিবেচনায় রেখে জোটের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলাম।”

এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলীয় জোটের দুই প্রার্থী ফরিদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান তাকে সমর্থন জানানোয় এখন জোটের অবস্থান আরও শক্ত হয়েছে। তিনি বলেন, “ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে কাজ করব।”