ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। শনিবার (২৮ জুন) ভোরে এ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করে। খবর দিয়েছে মেহের নিউজ।

ইসরায়েলি সেনাবাহিনীর ‘ইন্টারনাল ফ্রন্ট কমান্ড’ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ, পশ্চিম ও মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর এলাকা, লাচিশ এবং আরাবাহ অঞ্চলে সম্ভাব্য হুমকি বিবেচনায় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ হামলার দায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ইয়েমেন থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগেও ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের এমন হামলার রেকর্ড রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েল-গাজা সংঘাত, লেবাননের হিজবুল্লাহর তৎপরতা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সক্রিয়তা—সব মিলিয়ে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।