ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের একটি সন্তান রয়েছে।


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকার সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।


নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত তাদের আরেক সন্তানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন শরিফুল ইসলাম। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও ছেলে মারা যান।