রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার পুনর্বহালের দাবিতে নগর ভবনের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন তার সমর্থকরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

\r\n

নগর ভবনের প্রধান ফটকে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফা বলেন, “সিটি করপোরেশন কার্যকর করতে আগামী সাত দিনের মধ্যে উদ্যোগ নিতে হবে। না হলে ঈদের পর ১২ বা ১৩ জুন থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি আদায়ে রংপুর অচল করে দেওয়া হবে।”

\r\n

আন্দোলনের ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আপনারা শাহবাগ অবরোধ করতে পারেন, তাহলে রংপুরের মানুষ পারবে না কেন? আমাদের জনগণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে দ্বিধা করব না।”

\r\n

সিটি করপোরেশনের বর্তমান প্রশাসককে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে মোস্তফা বলেন, “একজন দুর্নীতিপরায়ণ বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি প্রত্যেকটি ফাইল অনুমোদনের আগে এক শতাংশ কমিশন দাবি করেন। এর মাধ্যমে রংপুরবাসীর উপর যেন স্টিম রোলার চালানো হচ্ছে।”

\r\n

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান তরু, মকবুল হোসেন ও ফেরদৌসি বেগম। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক এবং সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, নজরুল ইসলাম দেওয়ানীসহ ১৫-১৬ জন সাবেক কাউন্সিলর।